May 19
থাইল্যান্ডে আবিষ্কৃত হয়েছে নতুন এক বিশালাকার ডাইনোসর প্রজাতি, যার নাম রাখা হয়েছে Nagatitan chaiyaphumensis। বিজ্ঞানীদের মতে, এটি দক্ষিণ-পূর্ব এশিয়ায় এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় ডাইনোসর। প্রায় এক দশক আগে একটি পুকুরের ধারে পাওয়া কিছু হাড় পরীক্ষা করে সম্প্রতি এই নতুন প্রজাতিকে শনাক্ত করা সম্ভব হয়েছে।
এই তৃণভোজী ডাইনোসরটির ছিল লম্বা গলা ও বিশাল লেজ। গবেষণা অনুযায়ী, এর ওজন ছিল প্রায় ২৭ মেট্রিক টন এবং দৈর্ঘ্য প্রায় ২৭ মিটার, যা প্রায় ৯টি পূর্ণবয়স্ক এশীয় হাতির সমান। আকার ও ওজনে এটি ভয়ংকর Tyrannosaurus rex বা টি-রেক্সের চেয়েও অনেক বড় ছিল। গবেষকেরা একে “দ্য লাস্ট টাইটান” নামে ডাকছেন। কারণ, এটি এমন শিলাস্তরে পাওয়া গেছে যার বয়স প্রায় ১০ থেকে ১২ কোটি বছর। ধারণা করা হয়, এটি ছিল থাইল্যান্ড অঞ্চলের শেষ দিকের বিশালাকার ডাইনোসরগুলোর একটি। পরে অঞ্চলটি অগভীর সমুদ্রে পরিণত হওয়ায় এ ধরনের প্রাণীর অস্তিত্ব বিলীন হয়ে যায়।
ডাইনোসরটির নামের “নাগা” অংশটি দক্ষিণ-পূর্ব এশিয়ার পৌরাণিক জলজ সাপ থেকে নেওয়া হয়েছে এবং “টাইটান” শব্দটি এর বিশাল আকৃতিকে বোঝায়। গবেষণাটি যৌথভাবে পরিচালনা করেছেন থাইল্যান্ড ও University College London–এর গবেষকেরা। বর্তমানে ব্যাংককের একটি জাদুঘরে এই ডাইনোসরের পূর্ণাঙ্গ মডেল প্রদর্শন করা হচ্ছে। বিজ্ঞানীদের আশা, ভবিষ্যতে দক্ষিণ-পূর্ব এশিয়ায় আরও নতুন ডাইনোসর প্রজাতির সন্ধান মিলতে পারে।