February 02
বয়স মাত্র ১১ বছর। কিন্তু অসাধারণ হাতের নৈপুণ্যে বিশ্বজুড়ে তাক লাগিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের কিশোর কেলেব হান্টার। বিশেষ ধরনের জাগলিং যন্ত্র পিন্ডালু ব্যবহার করে মাত্র ৩০ সেকেন্ডে ৫১ বার বল ঘুরিয়ে সে গড়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। গিনেস কর্তৃপক্ষ ইতোমধ্যে কেলেবকে এই রেকর্ডের আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। সে এই কৃতিত্ব অর্জন করেছে অনূর্ধ্ব-১৬ বিভাগে।
কী এই জাগলিং ও পিন্ডালু?
জাগলিং হলো একসঙ্গে একাধিক বস্তু (যেমন বল) বাতাসে ছুড়ে নিয়ন্ত্রণে রাখার কসরত। এর আধুনিক রূপ পিন্ডালু, যা ইংরেজি ‘U’ আকৃতির প্লাস্টিক টিউব। এতে বল সরাসরি হাতে না ধরে টিউবের এক পাশ দিয়ে ঢুকিয়ে অন্য পাশ দিয়ে বের করে আবার লুফে নিতে হয়। এতে হাত–চোখের সমন্বয় ও প্রতিক্রিয়া শক্তি দ্রুত বাড়ে।
সংবাদমাধ্যম ইউপিআইকে দেওয়া সাক্ষাৎকারে কেলেব জানায়, দিনের পর দিন দীর্ঘ সময় অনুশীলন করতে হয়েছে তাকে। প্রায়ই ৩০ সেকেন্ড পূর্ণ হওয়ার আগেই বল পড়ে যেত। তবে রেকর্ডের দিন ঠিক সময় শেষ হওয়ার পরই বলটি পড়ে, যা ছিল নিখুঁত মুহূর্ত। কেলেব তার সাফল্যের কৃতিত্ব দিয়েছে তার বাবাকে। তার বাবাও একসময় গিনেস রেকর্ডধারী ছিলেন। মাত্র ২৪ ঘণ্টায় ৬টি অঙ্গরাজ্য সাইকেল চালিয়ে পাড়ি দিয়ে। বাবার সেই রেকর্ড ভাঙা হলেও, ছোটবেলা থেকেই কেলেবের স্বপ্ন ছিল পরিবারের মতো একটি বিশ্ব রেকর্ড গড়া।
বর্তমানে জাগলিং ও পিন্ডালুর মতো স্কিলভিত্তিক খেলাগুলো শিশুদের মনোযোগ, শারীরিক ভারসাম্য ও আত্মবিশ্বাস বাড়াতে কার্যকর হিসেবে ধরা হয়। অনেক দেশে এটি এখন স্কুল পর্যায়ের দক্ষতা উন্নয়ন কার্যক্রমেও যুক্ত হচ্ছে।
January 21