December 15
পৃথিবীতে মৌলিক উপাদানগুলোর প্রাচুর্য নিয়ে আলোচনা করতে গেলে ভূত্বক ও বায়ুমণ্ডলের মধ্যে আলাদা পার্থক্য দেখা যায়। পর্যায় সারণিতে বর্তমানে ১১৮টি মৌল আছে। এগুলোর মধ্যে ৯২টি পৃথিবীতে প্রাকৃতিকভাবে পাওয়া যায়। বাকি ২৬টি মৌল ল্যাবে তৈরি করতে হয়। ভূত্বকের শীর্ষ ৫ মৌল: অক্সিজেন (৪৬%): ভূত্বকের মোট ভরের প্রায় অর্ধেক অক্সিজেন। মানবদেহের রাসায়নিক গঠনের প্রধান ভূমিকাও পালন করে অক্সিজেন। সিলিকন (২৭%): শিলা, বালি ও শিল্পের গুরুত্বপূর্ণ উপাদান সিলিকন। সিলিকন চিপ ও কোয়ার্টজ স্ফটিক তৈরির জন্য এ মৌল বিখ্যাত। অ্যালুমিনিয়াম (৮%): ওজনে হালকা ও শিল্পক্ষেত্রে বহুল ব্যবহৃত। আয়রন (৫%): লোহা মানবজীবন ও পৃথিবীর চৌম্বকক্ষেত্রের জন্য গুরুত্বপূর্ণ। আয়রন থেকে হেমাটাইট ও ম্যাগনেটাইটের মতো অক্সাইড গঠিত হয়। এসব যৌগের কারণে মাটিতে লালচে রঙের শিলা তৈরি হয়। ক্যালসিয়াম (৫%): পুষ্টি, চুনাপাথর ও প্রাকৃতিক সৌন্দর্যের প্রধান উপাদান ক্যালসিয়াম। মানুষ ও উদ্ভিদ—উভয়ের জন্যই প্রয়োজনীয় পুষ্টি উপাদান এতে পাওয়া যায়। বায়ুমণ্ডলের শীর্ষ ৫ গ্যাস: নাইট্রোজেন (৭৮%): বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পাওয়া যায় নাইট্রোজেন গ্যাস। এটি তুলনামূলক নিষ্ক্রিয় গ্যাস। এটি ডিএনএ ও প্রোটিন গঠনের মূল উপাদান। অক্সিজেন (২১%): শ্বাস-প্রশ্বাসের অপরিহার্য গ্যাস। আর্গন (০.৯৩%): বায়ুমণ্ডলের রাসায়নিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। কার্বন ডাই-অক্সাইড (০.০৪%): এটি উদ্ভিদের সালোকসংশ্লেষণের প্রধান উপাদান। গ্রহের তাপমাত্রা নিয়ন্ত্রণেও কার্বন ডাই-অক্সাইডের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়ন (০.০০১৮%): নিয়ন আলোকসজ্জায় ব্যবহৃত নিষ্ক্রিয় গ্যাস। বায়ুমণ্ডলে এর উপস্থিতি অনেক কম। ভূত্বকে সবচেয়ে বেশি পাওয়া যায় অক্সিজেন, আর বায়ুমণ্ডলে নাইট্রোজেন। তবে প্রতিটি মৌলই পৃথিবীর জীবনীশক্তি ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ।